কালবেলা ।। কক্সবাজার প্রতিনিধি ।।
কক্সবাজারের মেরিন ড্রাইভে অনুষ্ঠিত হলো দেশের প্রথম ২০০ কিলোমিটার আলট্রা-ম্যারাথন ‘কোস্টাল আলট্রা ২০২৫’। ‘সমুদ্র বাঁচাও, পৃথিবী বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে ২০ থেকে ২২ ফেব্রুয়ারি এ প্রতিযোগিতা হয়। এ ইভেন্টটি আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কোস্টাল আলট্রা বাংলাদেশ’।
আয়োজকদের প্রধান সমন্বয়কারী সুফি মোহাম্মদ সেলিম রেজা জানিয়েছেন, পরিচ্ছন্ন উপকূল, পরিবেশবান্ধব পর্যটন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ আয়োজন। একই সঙ্গে দীর্ঘ দূরত্বের দৌড়ের মাধ্যমে স্পোর্টস ট্যুরিজম এবং পরিবেশ সচেতনতা বাড়ানোও এর অন্যতম উদ্দেশ্য।
তিনি জানান, আলট্রা-ম্যারাথন হলো ঐতিহ্যবাহী ম্যারাথনের তুলনায় দীর্ঘ দূরত্বের দৌড় প্রতিযোগিতা। সাধারণ ম্যারাথনের দূরত্ব ৪২ দশমিক ১৯৫ কিলোমিটার হলেও আলট্রা-ম্যারাথনের সর্বনিম্ন দূরত্ব ৫০ কিলোমিটার। বিভিন্ন দেশে আলট্রা ম্যারাথন জনপ্রিয় হয়ে উঠেছে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে প্রথমবারের মতো এর আয়োজন নতুন এক মাইলফলক সৃষ্টি করেছে।
আয়োজকদের বেঁধে দেওয়া যোগ্যতার আন্তর্জাতিক মানদণ্ড পূরণ সাপেক্ষে বাছাইকৃত দেশি-বিদেশি প্রায় ৪০০ দৌড়বিদ এই আলট্রা-ম্যারাথনে অংশ নেন। রেস ট্র্যাকে তাদের সহায়তার জন্য ছিলেন ২৫০ স্বেচ্ছাসেবক। ৫০ কিলোমিটার, ১০০ কিলোমিটার, ১০০ মাইল এবং ২০০ কিলোমিটার—এই চার ক্যাটাগরিতে অংশগ্রহণকারীরা অংশ নিয়েছেন। দেশের লম্বা পাল্লার দৌড়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত এ ২০০ কিলোমিটার দৌড়ের শেষবিন্দুতে সর্বপ্রথম পা রাখেন এ বি এম সিদ্দিকুল আবেদীন।
ইভেন্টের কমিউনিটি পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম পর্বতারোহণ ক্লাব ‘ভার্টিক্যাল ড্রিমার্স’ এবং সাইক্লিং গ্রুপ ‘হেমন্ত রাইডার্স’। চ্যারিটি পার্টনার হিসেবে ছিল বান্দরবানের লামার চাম্পাঝিরি পাড়ার ‘পাওমাং শিশু সদন’ এবং মানবিক মানুষের সংগঠন ‘হাফ ম্যাড হিউম্যান’। সার্বিক সহযোগিতায় ছিল বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন, গণস্বাস্থ্যকেন্দ্র, আরটিএমআই ও কক্সবাজার জেলা প্রশাসন এবং পৃষ্ঠপোষকতায় ছিল- ইগলু আইসক্রিম, গার্ডিয়ান লাইফ ইন্সুরেন্স, ওরিয়ন গ্রুপ, সিম গ্রুপ, বিকন ফার্মাসিউটিক্যালস, ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড এবং নাজিহার আইটি সলিউশন লিমিটেড।